News update
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-06-21, 12:10am

প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ


সাজ্জাদ হোসেন : দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং তার মাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবেদ আলম কিরণ বলেন, ২০২৫ সালের ১ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে কাকরাইলে অবস্থিত তার পত্রিকার প্রধান কার্যালয়ে পৌঁছে দেয়।

তিনি আরও জানান, একই বছরের ১৬ ডিসেম্বর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল এলাকায় একটি নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে অংশগ্রহণ করতে গেলে আবারও তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। তখন তিনি স্থানীয় এক মেম্বারের বাড়িতে আশ্রয় নেন এবং সোনাইমুড়ী থানা পুলিশের সহায়তা চান। পরে থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেন।

জাবেদ আলম কিরণ বলেন, ওই ঘটনার পর তিনি সোনাইমুড়ী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও জিডির বিষয়ে কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, তার প্রতিপক্ষরা এখনো সক্রিয় রয়েছে এবং যেকোনো সময় তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি  প্রধানমন্ত্রী তারেক  রহমান,এবং  নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 

পাশাপাশি তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।